চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাজধানীতে বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ (শুক্রবার) রাজধানীর সাতটি এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শেরেবাংলা নগর থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান বলেন, ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে অনেকেই এসব ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। পাশাপাশি যারা এসব কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিচ্ছেন, তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
তিনি আরও বলেন, “মানুষের মধ্যে ভয় ও অস্থিরতা তৈরি করে রাজধানীতে নিজেদের উপস্থিতি জানান দিতেই এসব আকস্মিক মিছিলের আয়োজন করা হচ্ছে।”
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।