ঢাকার বায়ুদূষণ রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা: বর্জ্য পোড়ালে আইনি ব্যবস্থা

বাংলাদেশ
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “মাতুয়াইল, আমিনবাজারসহ যেকোনো উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে সরকারি কিংবা বেসরকারি, কেউই ছাড় পাবে না।”

বুধবার (১৬ এপ্রিল) পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা আরও বলেন, “নির্মাণকাজে ব্যবহৃত বালু ও অন্যান্য সামগ্রী অবশ্যই ঢেকে পরিবহন ও সংরক্ষণ করতে হবে। নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, রাজউক, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ম্যাজিস্ট্রেটরা সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, “সেবাদানকারী সংস্থাগুলো যাতে একসাথে রাস্তার খোঁড়াখুঁড়ি সমন্বয় করে, তা নিশ্চিত করতে হবে। ঢাকাকে ‘নো ব্রিক ফিল্ড জোন’ হিসেবে ঘোষণা করা হবে, রাস্তায় পানি ছিটানো বাধ্যতামূলক করা হবে এবং আইন না মানলে অঞ্চলভিত্তিক বিশেষ অভিযান চালানো হবে।”

পরিবেশকে সবুজ রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “শহরের রাস্তাঘাটে ঘাস লাগাতে হবে, ডিভাইডারগুলোকে সবুজে পরিণত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বায়ুদূষণ কমাতেই হবে—এখানে জনগণকেও সম্পৃক্ত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, বিআরটি চেয়ারম্যান মো. ইয়াসীন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান।