ডেঙ্গু প্রতিরোধে সন্ধ্যায় দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বাংলাদেশ

ডেঙ্গু মৌসুমে এডিস মশার বিস্তার রোধে নগরবাসীকে সন্ধ্যা সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, মাগরিবের নামাজের আধা ঘণ্টা আগে এবং পরে প্রতিটি বাসাবাড়ির দরজা ও জানালা বন্ধ রাখা উচিত, যাতে এডিস মশা ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে।

সোমবার (৫ মে) নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত ডিএসসিসি পরিচালনা কমিটির ষষ্ঠ করপোরেশন সভার সমাপনী বক্তব্যে এই পরামর্শ দেন প্রশাসক। তিনি আরও বলেন, নিয়মিত মশক নিধন কার্যক্রম চলমান থাকলেও বাসাবাড়ির ভেতরে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বাসিন্দাদের সচেতন অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু রোধ সম্ভব নয়।

সভায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ফুলবাড়িয়া স্টপওভার বাস টার্মিনাল এবং ধোলাইখাল ট্রাক টার্মিনালের জন্য সরকারি নির্ধারিত দর কম হওয়ায় তা নতুনভাবে মূল্যায়নের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন পাঠানোর অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও, প্রশাসকের ঐচ্ছিক তহবিল থেকে এককালীন আর্থিক অনুদান প্রদানের বিষয়টি অনুমোদন করা হয়। ব্যবসা শুরু করতে সহজতর করতে, পাঁচটি সেবা একক আবেদনের মাধ্যমে প্রদান নিশ্চিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা, বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।