ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২০৪, অর্ধেকই বরিশাল বিভাগের

বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে আরও ২০৪ জন। এর অর্ধেকের বেশি রোগীই বরিশাল বিভাগ থেকে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এক দিনে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০১ জন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ৩৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯ জন, ঢাকার বাইরের বিভাগে ২২ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

তবে আশার খবর হলো, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ২৫৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১১ হাজার ৬৬০ জন। এর মধ্যে ১০ হাজার ৩৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ জনের।