সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকালে অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৬৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯৮৩ জন রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণে ১৩৩ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৭১ জন রয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, খুলনা বিভাগে ৬২ জন ও ময়মনসিংহ বিভাগে ৪১ জন নতুন করে ভর্তি হয়েছেন।
একই সময়ে ৯৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৪১৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।