ডিসি হিল ভাঙচুর: মুক্তি পেল ৫ আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ
চট্টগ্রামের ডিসি হিল এলাকায় বর্ষবরণ অনুষ্ঠান কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা লিখিত অভিযোগ না থাকায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, “পাঁচজনকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তারা জানায়, প্রায় ২০-২৫ জনের একটি দল ব্যানার ও পোস্টার ছেঁড়ার উদ্দেশ্যে এসেছিল, তবে তারা নিজেরা ছেঁড়েনি। রাত পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসায় আমরা তাদের ছেড়ে দিয়েছি।”

তবে থানা পুলিশের একটি সূত্র জানায়, আটক ব্যক্তিরা বিএনপির সমর্থক পরিচয় দেয়, এবং তাদের মুক্তির দাবিতে রাতে বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতাকর্মী থানায় ভিড় করেন। রাজনৈতিক চাপের মুখে পুলিশ শেষ পর্যন্ত তাদের ছেড়ে দেয় বলে ওই সূত্র দাবি করেছে।

সাধারণত এমন ঘটনায় সিএমপির ৮৮ ধারায় আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। ৮৮ ধারায় কেন তাদের চালান দেওয়া হয়নি, এই প্রশ্নে ওসি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে হামলার ঘটনার পর আয়োজকরা রাতেই ঘোষণা দেন যে, বর্ষবরণের অনুষ্ঠান আর অনুষ্ঠিত হবে না। ফলে নববর্ষের দিনে ডিসি হিল ও সিআরবি এলাকায় ছিল দর্শনার্থীশূন্য এক হতাশাজনক দৃশ্য, যেটা আগে কখনো দেখা যায়নি।