ডিএনসিসির অভিযানে আগারগাঁও ও উত্তরায় ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ

বাংলাদেশ
পহেলা বৈশাখের পর ঘোষণা অনুযায়ী রাজধানীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (১৬ এপ্রিল) দুটি পৃথক অভিযানে রাজধানীর আগারগাঁও ও উত্তরা এলাকা থেকে প্রায় ৪০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। অভিযানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১ম গেইট থেকে ঢাকা-আরিচা সড়ক পর্যন্ত দুই পাশে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ দোকান সরিয়ে নেওয়া হয়। এতে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হয়। উচ্ছেদকৃত দোকানগুলোর মধ্যে ছিল বিভিন্ন খাবারের হোটেল, টং দোকান, এবং হকারদের বিভিন্ন পণ্যের দোকান।

অন্যদিকে, ডিএনসিসির অঞ্চল-১ এর অধীন উত্তরা ১০ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। সুইচ গেইট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কের কাঁচা অংশে গড়ে ওঠা আরও প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছাদেকুর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। এই অভিযানে এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হয়।

উল্লেখ্য, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সম্প্রতি এক গণশুনানিতে ঘোষণা দিয়েছিলেন, পহেলা বৈশাখের পর থেকেই নিয়মিতভাবে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান চালানো হবে। তারই অংশ হিসেবে শুরু হয়েছে এই অভিযান, যা চলমান থাকবে বলে জানানো হয়েছে ডিএনসিসির পক্ষ থেকে।