বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’ ২০২৫ সালের জন্য বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার বলিষ্ঠ নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেছেন। টাইম ম্যাগাজিনের মতে, দেশের ক্রান্তিকালে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন।
নিবন্ধটি লিখেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন, যিনি ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “গত বছর ফ্যাসিবাদী শাসকের পতনের পর ড. ইউনূস দেশের জন্য আবারও সামনে এসে নেতৃত্ব দিয়েছেন। তিনি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দাঁড়িয়ে জাতিকে আশার আলো দেখিয়েছেন।”
হিলারি ইউনূসের অতীত কাজের প্রশংসা করে আরও বলেন, “তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ সুবিধা দিয়ে দারিদ্র্য বিমোচনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার সুফল পেয়েছেন লক্ষ লক্ষ দরিদ্র মানুষ, বিশেষ করে নারীরা। তাদের অনেকেই আজ স্বনির্ভর।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “আমার ও বিল ক্লিনটনের সঙ্গে ইউনূসের প্রথম সাক্ষাৎ হয়েছিল আরকানসাসে, যখন তিনি যুক্তরাষ্ট্রেও অনুরূপ কর্মসূচি চালুর জন্য সহযোগিতা করেছিলেন। তখন থেকেই আমি তার কাজের গভীর প্রভাব বিশ্বজুড়ে দেখতে পেয়েছি—যেখানে আশাহীন মানুষের মাঝে নতুন করে আশার জন্ম হয়েছে।”
হিলারি শেষ করেন এ কথা দিয়ে: “আজও ড. ইউনূস দেশের ডাকে সাড়া দিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের অন্ধকার থেকে টেনে তুলে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনের পথে অগ্রসর করছেন।”
তথ্যসূত্র: টাইম ম্যাগাজিন, ২০২৫