ঝালকাঠির নলছিটি উপজেলায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। জেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে রোববার (৬ এপ্রিল) সকালে একটি বাগানের গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন রুবি বেগম (৫০) এবং তার ছেলে আসাদ (৩৫)। রুবি বেগম স্থানীয় বাসিন্দা আবু হানিফ মাঝির স্ত্রী, আর আসাদ তার সন্তান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ও উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, মা-ছেলে দীর্ঘদিন খুলনায় বসবাস করছিলেন এবং ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছিলেন। সকালবেলা ঘরের পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হলেও, মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আব্দুস সালাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।