আগামী মঙ্গলবার জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাননীয় প্রেস সেক্রেটারি যা বলেছেন (আইসিসিতে বিচার নিয়ে), সেটা আমরা পত্র-পত্রিকায় দেখেছি। তবে এই বিষয়ে উনার সঙ্গে আমার কোনও কথা হয়নি। আমাদের অবস্থান পরিষ্কার—গণহত্যা হোক কিংবা মানবতাবিরোধী অপরাধ, সবকিছুরই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের বিচার করতে সক্ষম, প্রতিজ্ঞাবদ্ধ এবং আন্তরিক। আমাদের দেশের আদালতের এই বিচার করার পূর্ণ সামর্থ্য রয়েছে। এসব ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়েছে, আসামিরা বাংলাদেশ বা আশপাশের দেশেই অবস্থান করছে এবং সাক্ষীরাও এ দেশের নাগরিক। তাই এই বিচার বাংলাদেশেই হওয়াটা স্বাভাবিক।”
চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন, “আইসিসি সাধারণত তখনই কোনও মামলায় হস্তক্ষেপ করে, যখন সংশ্লিষ্ট রাষ্ট্র বিচার করতে অপারগ বা অনিচ্ছুক হয়। কিন্তু বাংলাদেশ এই দুই ক্ষেত্রেই অনন্য উদাহরণ—আমরা বিচার করতে পারি এবং করতে চাইও। ফলে, আইসিসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই মামলার বিচার আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। তবে প্রযুক্তিগত সহায়তা বা অন্যান্য সহযোগিতা আইসিসি দিলে তা গ্রহণ করতে আমরা আগ্রহী।”
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।