জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি পুনরায় কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার বেলা ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জামিন দেওয়া আদালতের বিষয়। আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। তবে জামিনে মুক্ত হওয়ার পর কেউ যদি অপকর্মে জড়ায়, তবে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হয়। নির্বাচনে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, “গুজব ছড়িয়ে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে জনগণ, প্রার্থী, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে কোনো বাধা থাকবে না।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, গাজীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান এবং গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ অন্য কর্মকর্তারা।