ঢাকার বিভিন্ন সড়কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র্যালির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে কারওয়ান বাজার মোড়ে শেষ হয়।
র্যালির কারণে প্রধান সড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। কারওয়ান বাজার চার রাস্তার মোড়ে র্যালি শেষ হওয়ায় সব দিকেই জট তৈরি হয়। ফলে সাধারণ পথচারী এবং র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরাও তাদের গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন।
যানজটে আটকে থাকা এক যাত্রী জানান, “কারওয়ান বাজারে এক বাসে উঠেছিলাম, কিন্তু গাড়ি আর চলছিল না। আধা ঘণ্টা বসে থাকার পর অবশেষে হেঁটে যাত্রা শুরু করেছি। বাসের বেশির ভাগ যাত্রীরাই নেমে পড়েছে।”
রাজধানীর ব্যস্ত সড়কগুলো—মতিঝিল থেকে শাহবাগ, পল্টন থেকে কারওয়ান বাজার পর্যন্ত—যানজটে প্রায় স্থবির হয়ে পড়ে। পথচারী রুবেল বলেন, “যানজট এতটাই ভয়াবহ ছিল যে হাঁটার বাইরে কোনো উপায় ছিল না।” অপর যাত্রী আলমগীরও জানিয়েছেন, খামারবাড়ি থেকে নেমে হেঁটে বাংলামোটর পর্যন্ত এসেছেন এবং ঠিক কখন বাসায় পৌঁছাবেন তা বলা মুশকিল।