জাতীয় নির্বাচন ঘিরে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ, এক সপ্তাহে বদলি ৫০ জেলায়

বাংলাদেশ
জাতীয় নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (আজ) পৃথক দুটি প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু জেলায় আগের কর্মকর্তাদের বদলি করা হয়েছে, বাকিগুলোতে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

এছাড়া পাঁচ দিন আগে নিয়োগ পাওয়া দুই ডিসির নিয়োগও বাতিল করা হয়েছে। এর ফলে এক সপ্তাহের মধ্যেই মোট ৫০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ হলো। নির্বাচনের সময় ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, তাই নির্বাচনপূর্ব এই পদায়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আজকের প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হয়েছেন চট্টগ্রামের ডিসি। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস. এম. মেহেদী হাসান নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরে। পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নূরমহল আশরাফী গেছেন মুন্সিগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জে, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত হয়েছেন খাগড়াছড়ির ডিসি, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান গেছেন কুমিল্লায়, আর জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির হয়েছেন নারায়ণগঞ্জের ডিসি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা হয়েছেন পাবনার ডিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম ঢাকার ডিসি, এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামূল আহসান গেছেন রংপুরে।

অন্যদিকে, ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসান নিয়োগ পেয়েছেন যশোরে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির মেহেরপুরে, আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম হয়েছেন নোয়াখালীর ডিসি।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন গেছেন গাজীপুরে, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গেছেন গাইবান্ধায়, ভূমি সংস্কার বোর্ডের উপ কমিশনার অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম মাদারীপুরে, দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের সহকারী পরিচালক মো. খায়রুল আলম সুমন বরিশালে, কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার বরগুনায় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী রাঙামাটির ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।