জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ব্যাপক রদবদল করেছে। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে দেশের ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের যোগদানের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জারি করা আটটি পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন ইউএনওদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে তাদের ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪-এর ক্ষমতা ব্যবহার করার অধিকার অর্পণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিনের বিকেল থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
এ ছাড়া, যেসব কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল পূর্বেই পরিবর্তিত হয়েছে, তারা বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।