জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করলেন জ্যাঁ-পিয়ের লাক্রোয়া

বাংলাদেশ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। সোমবার, ২১ এপ্রিল, ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষের মধ্যে উষ্ণ কুশল বিনিময় হয় এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বৈঠকে আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও অব্যাহত অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও মোতায়েনসংক্রান্ত বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। একইসঙ্গে, দেশে ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে মোতায়েন থাকা সেনা সদস্যদের কর্মকাণ্ডেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিদ্যমান ও ভবিষ্যত অবদানের কথা পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা বজায় রাখবে বলেও আশ্বস্ত করেন।