চীন-বাংলাদেশ সম্পর্ক মানুষের সঙ্গে, কোনো দলের সঙ্গে নয়: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে। এই সম্পর্ক সময়ের সীমায় আবদ্ধ নয়, বর্তমান সরকার বা ব্যক্তিবিশেষের সাথেও সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ‘রিঅ্যাসেসিং সিনো-বাংলা রিলেশনশিপ: চিফ অ্যাডভাইজার’স ল্যান্ডমার্ক ভিজিট’ শীর্ষক এই অনুষ্ঠানে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরকে তিনি ‘একটি মাইলস্টোন’ হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “এই সফরের মূল বার্তা হলো—চীন সব সময় বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে, সেটা অভ্যন্তরীণ হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রে। চীন-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি দুই দেশের মানুষের পারস্পরিক আস্থা ও সমর্থনের ওপর গড়ে উঠেছে।”

বক্তব্যে তিনি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও চলমান বাণিজ্যযুদ্ধের দিকেও আলোকপাত করেন। বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর অযৌক্তিকভাবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। চীনের পণ্যের ওপর আরোপিত শুল্কের হার ১৫৫ শতাংশ পর্যন্ত। এটা এক প্রকার উন্মাদনা। চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।”

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায়, তাহলে চীন আলোচনার জন্য প্রস্তুত আছে। আমরা কোনো আলোচনাকে উপেক্ষা করি না। সে জন্য চীন অপেক্ষা করবে এবং দেখবে, যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এটা শুধু চীন একা নয়; বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ সবাই আছে। আমরা এখনো আশাবাদী যে যুক্তরাষ্ট্র শান্ত হবে এবং আলোচনায় বসবে, সবকিছু সঠিকভাবে পরিচালিত করবে।’

চীনের রাষ্ট্রদূত জানান, আগামী সপ্তাহে চীনের হুনান প্রদেশের গভর্নর বাংলাদেশ সফরে আসবেন। সফরের মূল উদ্দেশ্য থাকবে শিক্ষা ও স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। ইতোমধ্যে হুনানে বাংলাদেশিদের জন্য চারটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।