চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে জুলাই আন্দোলনে আহত হৃদয়

বাংলাদেশ
বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বাউফল সদর ইউপির পশ্চিম যৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, হৃদয় ঢাকাতে শ্রমিকের কাজ করতেন এবং জুলাই মাসে আন্দোলনে অংশ নেন। ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে মাথায় তিনটি গুলিবিদ্ধ হন। প্রথমে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের ভয়ে গোপনে চিকিৎসা নেওয়া হলেও পরে ৫ আগস্ট ঢাকা মেডিক্যালে চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা তার মাথা থেকে ২টি গুলি বের করতে পারলেও, একটি গুলি থাকায় পুরোপুরি সুস্থ হতে পারেননি হৃদয়।

হৃদয়ের অসুস্থতা দীর্ঘদিন ধরে চলছিল। তার ভাই মো. সোহাগ ইসলাম আনিস জানান, চিকিৎসার অভাবে হৃদয় মারা গেছেন। উন্নত চিকিৎসার অভাবে তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।