চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা না দেওয়ায় এক বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (আজ) ব্যবসায়ী রাসেল মৃধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ড্রেজার মেশিনের মাধ্যমে বালু ভরাটের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি এবং এর আগেও লক্ষাধিক টাকা চাঁদা দিয়েছেন বিএনপি নেতা জুয়েলকে।

সম্প্রতি প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দিতে চাপ দিলে অপারগতা প্রকাশ করেন রাসেল। এর পর গত রোববার সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের সময় জুয়েল হুমকি দেন যে, নির্ধারিত টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে রাসেলকে আটকিয়ে চাঁদা না দেওয়ার কারণ জানতে চান জুয়েল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জুয়েল ও তাঁর সঙ্গে থাকা ৮-১০ জন রাসেলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে বলা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা সরে যান, তবে চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কামরুজ্জামান জুয়েল পাল্টা অভিযোগ করে বলেন, “রাসেল একজন দালাল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে-ই আমার ড্রেজার ব্যবসা থেকে চাঁদা দাবি করেছিল। এখন উল্টো আমার বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ দিচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি ও জুয়েলের মামা শাহাবুদ্দিন নান্নু বলেন, “বিষয়টি জানার পর খতিয়ে দেখা হচ্ছে। দলের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে ভাই বা ভাগনে যেই হোক না কেন।”