গেজেট প্রকাশ: ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের নতুন মেয়র, শপথ ও মেয়াদ নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার আইন মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে এই গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি এখন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে, যাতে নতুন মেয়রের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া যায়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন, তিনি পেয়েছিলেন প্রায় সাড়ে চার লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন দুই লাখ ৩৬ হাজার ভোট। তবে নির্বাচন নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ ওঠে এবং ফল বাতিল চেয়ে ইশরাক ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন।

চলতি বছরের ২৭ মার্চ, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।

এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনের পর গত ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এবং সিটি করপোরেশন আইন সংশোধন করে সব মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়। মেয়র তাপস অবশ্য আগেই দেশ ত্যাগ করেছিলেন। ২০২০ সালের ২১ মে দক্ষিণ সিটির প্রথম সভা হয়, এবং ২০ মে এই করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। আইন অনুযায়ী মেয়াদ শেষে নির্বাচন না হলে সরকার প্রশাসক নিয়োগের সুযোগ পাবে।

ইশরাক হোসেন এরই মধ্যে জানিয়েছেন, শপথ নেবেন কি না, তা দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের রায়ে বিএনপির শাহাদাত হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন, যদিও সেখানে মেয়াদের সময় রয়েছে আগামী বছরের মার্চ পর্যন্ত।

আইন অনুযায়ী, নবনির্বাচিত মেয়রকে শপথ পাঠ করাবেন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস। তবে শপথ গ্রহণের তারিখ এখনো নির্ধারিত হয়নি। শপথ নিলেও, করপোরেশনের মেয়াদ ২০ মে পূর্ণ হলে ইশরাক মেয়র পদে কতদিন থাকতে পারবেন তা এখনো স্পষ্ট নয়।