গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আরও ২১ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এই সময়ে মোট ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ।
রোববার (২৯ জুন) সকালে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে।
সান্ত্বনার বিষয় হলো, এই সময়ে করোনায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে ২০২০ সালের ১৮ মার্চ থেকে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। চলতি বছর (২০২৫) জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২ জন।
এছাড়া, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬৯ জন, যা নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন।
সতর্কতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষজ্ঞরা সবাইকে আহ্বান জানিয়েছেন।