তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম গুম-খুনের বিষয়টি যথাযথভাবে আলোচনায় আনে নি, কারণ তারা ১৯৭২ সালের সংবিধানের প্রেক্ষিতে দেশকে দেখার চেষ্টা করছে।
মাহফুজ আলম বলেন, “গত ১০–১৫ বছরে যারা মারা যাচ্ছিল বা গুম হচ্ছিল, তা মিডিয়ার চোখে পড়েনি। জনগণের বৃহত্তর অংশকে যুক্ত করলে দেশ ভালোভাবে পরিচালিত হতে পারে। আন্তসম্পর্ক ও গুড উইল যদি মিস হয়, তাহলে বারবার রাজনৈতিক সংঘাত দেখা দেবে।”
তিনি দেশের জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে একটি শক্তিশালী বুর্জোয়া শ্রেণির প্রয়োজনের কথাও বলেন। মাহফুজ আলম উল্লেখ করেন, “বিভিন্ন ব্যবসায়ী ও করপোরেশন শক্তিশালী হলেও রাজনৈতিক সদিচ্ছা মিলিটারি-সিভিল নেক্সাসের কাছে প্রায় গৌণ হয়ে যায়।”
মাহফুজ আলম ‘অগ্নিঝরা বর্ষা: দেশ ও বিদেশে’ শীর্ষক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং বিডি জবসের সিইও ফাহিম মাশরুর।