তীব্র গরমে হাঁসফাঁস খুলনাবাসী হঠাৎ স্বস্তি পেল হালকা বৃষ্টিতে। তবে এই স্বস্তির বৃষ্টির সঙ্গী হয়েছিল শিলাবৃষ্টি, যা কৃষকদের নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বোরো ধান, আম ও তরমুজের ক্ষেত ইতোমধ্যেই ক্ষতির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত খুলনায় হালকা বৃষ্টি হয়। তবে জেলার কিছু কিছু স্থানে শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে। যদিও খুলনা আবহাওয়া অফিস এখনো নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাতের তথ্য জানায়নি।
এই সময়টিতে বোরো ধান পরিপক্বতার দিকে যাওয়ায় শিলাবৃষ্টি ফলনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আম ও তরমুজের ক্ষেতেও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানিয়েছেন, “সব জায়গায় শিলাবৃষ্টি হয়নি। কোথায় কোথায় শিলা পড়েছে, তা রোববার (৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পরিদর্শন করবেন। তখনই প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “এই সময়ে শিলাবৃষ্টি হলে ফলনে ক্ষয়ক্ষতি হওয়াটা খুব স্বাভাবিক। বিশেষ করে ধান, আম ও তরমুজ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।”