খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নাশকতার অভিযোগে ৭৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২২

বাংলাদেশ
খুলনার হরিণটানা থানা এলাকায় ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার হরিণটানা থানার উপপরিদর্শক (এসআই) মোনায়েম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, মামলায় আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার সকাল ৭টার দিকে খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ২২ জনকে আটক করে, যাদেরকে মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া, একই ধরনের মিছিলের ঘটনায় খুলনার আড়ংঘাটা ও খালিশপুর থানা এলাকায় আরও দুটি মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আড়ংঘাটা থানা পুলিশ ১০ জন ও খালিশপুর থানা পুলিশ ৭ জনকে আটক করেছে।