খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজে আইন উপদেষ্টাকে এভারকেয়ারে পাঠালেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। তারা সেখানে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বর্তমানে খালেদা জিয়া সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। বোর্ডের বিশেষজ্ঞরা নিয়মিত তার শারীরিক উন্নতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সহায়তা দিতে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন।
অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। শুক্রবার জুম্মার নামাজের পর নয়াপল্টনে তার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাতে তিনি বলেন, খালেদা জিয়া আজীবন গণতন্ত্র রক্ষার লড়াই করেছেন এবং সেই পথচলায় বহু নির্যাতন, কারাবরণ ও কষ্ট সহ্য করেছেন। গত দুই দিন ধরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বৃহস্পতিবার রাতেই চিকিৎসকরা তার অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া। রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।