কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা তিনটি আলোচিত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার এই রায়ের আদেশ হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
পিপি রিংকু জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হন। এ ঘটনায় পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে। সেই মামলাগুলোতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ৭৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
তদন্ত ও শুনানিতে দেখা যায়, ঘটনার সময় বেগম খালেদা জিয়া গুলশানের নিজ বাসভবনে অবস্থান করছিলেন এবং অবরুদ্ধ ছিলেন, ফলে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে দুটি মামলাতেই অব্যাহতি দেন।
একইভাবে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি হায়দারপুর এলাকায় কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় প্রথমে ৩২ জনকে আসামি করা হয়, পরে আরও ১০ জনের নাম যুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়। এই মামলায়ও তদন্তে বেগম জিয়ার সম্পৃক্ততা না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।
জেলা পিপি আরও জানান, বেগম খালেদা জিয়া মামলা প্রত্যাহারের আবেদন না করলেও, আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। অপরদিকে অন্য আসামিরা আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করলে, সেটি বিবেচনায় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হিসেবে মামলাগুলো প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়।
ফলে বর্তমানে চৌদ্দগ্রাম থানায় বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এই তিন মামলার বিচারকার্য সম্পন্ন হয়েছে।