কাতার সফর শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ
চারদিনের কাতার সফরের শেষ দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দোহায় দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগের দিন, বুধবার, অধ্যাপক ইউনূস অংশ নেন ‘প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথনে: একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ’ শীর্ষক একটি ফায়ারসাইড চ্যাটে। দোহা সামিট ভিলেজে আয়োজিত এ অনুষ্ঠানে মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এবং জর্জটাউন ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী হানা এলশেহাবি আলোচনাটি পরিচালনা করেন।

সফরের অংশ হিসেবে কাতারের বিনিয়োগকারীদের উদ্দেশে বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, কাতারের ব্যবসায়ীরা সেখানে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবেন। কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে এবং এর অংশ হিসেবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ-সেবা উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য রপ্তানির সুযোগ পাবেন। তিনি কাতারের সরকারকে আহ্বান জানান, তারা যেন নিজ দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করে।

এছাড়া, কাতার সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বর্তমানে প্রতি তিন বছর অন্তর বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ দেয় কাতার। এই সংখ্যা আরও বাড়ানোর অনুরোধ জানান অধ্যাপক ইউনূস।

সফরের এক পর্যায়ে কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনূস। সেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।