রোববার বিকেলে ওয়্যারলেস বার্তার মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন—কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বা যানবাহনে আগুন লাগিয়ে জীবনহানির চেষ্টা করলে প্রয়োজন হলে গুলি করে তাকে থামাতে হবে। ডিএমপির ক্রাইম বিভাগের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিশনার সাজ্জাত আলী জানান, আইন অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষা ও জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সাম্প্রতিক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল হামলা, বাস–ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা বাড়ায় পুলিশের মাঠপর্যায়ের সদস্যরাও ঝুঁকির মুখে পড়েছেন বলে কর্মকর্তারা উল্লেখ করেন।
ডিএমপির একজন কর্মকর্তা বলেন, দণ্ডবিধির ৯৬ ধারায় ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে গৃহীত পদক্ষেপ অপরাধ হিসেবে গণ্য হয় না। এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। পরদিন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।