ওষুধের কার্টনে নবজাতকের মরদেহ

বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ওষুধের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পড়ে থাকা একটি কার্টনের মধ্যে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা টুকু শেখ জানান, তিনি মহাসড়কের পাশে লোকজনের ভিড় দেখে এগিয়ে যান। সেখানে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস জানান, অজ্ঞাত নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।