উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ
বগুড়ায় অপহৃত এক ট্রাকচালককে উদ্ধারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের নারুলী পুলিশ ফাঁড়ি–সংলগ্ন ধাওয়াপাড়া এলাকায় এ হামলা হয়। পুলিশের অভিযানের সময় যুবদলের স্থানীয় নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে যুবদল নেতা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নুর আলম সুইট, তার অনুসারী জুয়েল হোসেন ও রাব্বী হাসান। আজ (বুধবার) ভোরে সোনাতলা উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নুর আলম সুইটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

হামলায় আহত হয়েছেন নারুলী পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ আহম্মেদ এবং কনস্টেবল মাহবুব হোসেন। তারা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত আছে।