ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু

বাংলাদেশ
পাবনার আটঘরিয়ায় ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া দুই এসএসসি পরীক্ষার্থী শুক্রবার (গতকাল) রাতে মারা গেছে। নিহতরা হলো গাইবান্ধা সদর উপজেলার কামাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৭) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে হৃদয় হোসেন (১৭)। নয়ন তার নানার বাড়ি সুলতানপুর পূর্বপাড়ায় থাকত। তারা দুজনেই দাশুড়িয়া দরগা বাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। আটঘরিয়া উপজেলার খিদিরপুর-দেবত্তর সড়কের বেরুয়ান এলাকায় গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে নয়নকে ঢাকায় এবং হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নয়ন শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এবং হৃদয় রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দাশুড়িয়া দরগা বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, নিহত দুজনকেই ঈশ্বরদীর খালিশপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। তিনি বলেন, “ওরা দুজনই ১০ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের এভাবে চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”