আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক দায়িত্ব পালন করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী—এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “নির্বাচনে আনসারদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। এবার প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন—এর মধ্যে তিনজন থাকবেন অস্ত্রসহ, বাকি ১০ জন থাকবেন অস্ত্রবিহীন। অস্ত্রবিহীন সদস্যদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা আনসার থাকবেন। এছাড়া এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।”
তিনি আরও জানান, নির্বাচনের আগে ও পরে মিলিয়ে মোট নয় দিন আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন। “আগামী নির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার বাহিনী,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, আনসার ও ভিডিপি দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং জাতীয় উন্নয়নের প্রতিটি পর্যায়ে অনন্য অবদান রেখে আসছে। “নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে কাজ করে যাচ্ছেন,” যোগ করেন তিনি।
বাহিনীর সদস্যদের কল্যাণে নেওয়া নতুন উদ্যোগের প্রসঙ্গে উপদেষ্টা জানান, আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ৩১টি নতুন যানবাহন কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি ট্রুপস ক্যারিয়ার, ১৪টি কাভার্ড ভ্যান, ৪২ আসনের ৪টি বড় বাস, ২৪ আসনের ২টি মিনি বাস ও ২টি অ্যাম্বুলেন্স।
তিনি বলেন, “বাহিনীর সদস্যরা ছুটি, বিনোদন বা অন্যান্য প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যায় পড়েন। তাদের এই ভোগান্তি দূর করতেই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। এটি পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হবে এবং আনসার সদস্যদের জন্য নির্ভরযোগ্য ও নিরাপদ পরিবহন সুবিধা নিশ্চিত করবে।”
বাইরে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিদিনই অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধার হচ্ছে। “গত পরশুদিনও আটটি অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, উদ্ধার কার্যক্রম আরও জোরদার হবে। শেষ পর্যন্ত বাইরে কোনো অবৈধ অস্ত্র থাকবে না,” বলেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।