আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনা এবং গত জুলাই-আগস্টে আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের শুনানি অনুষ্ঠিত হবে।
আজকের দিনটি আশুলিয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত ছিল। তবে প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন এখনো সম্পূর্ণ না হওয়ায় আরও এক মাসের সময় চাওয়া হবে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তদন্ত সংস্থা হত্যার একটি ভিডিও ফুটেজ উদ্ধার করেছে এবং দুইজন অভিযুক্তকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তকরণের কাজ চলছে।
শুনানিতে সময় আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৫ মে’র মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।