আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট মুক্তি মিলছে না আইভীর

বাংলাদেশ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর একটি হত্যা মামলা এবং অন্যটি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা। ফলে তার জামিন প্রক্রিয়া আবারও আটকে গেছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়ের করা মামলায় রবিবার (৯ নভেম্বর) রাতে ডা. আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।”

এর আগে একই দিনে হাইকোর্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় ডা. আইভীর জামিন মঞ্জুর করেছিলেন। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “হাইকোর্টের জামিন আদেশ পাওয়ার পর মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু নতুন দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোয় তা স্থগিত হয়ে গেছে।”

চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয় মামলায় তখন তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা মেয়র নির্বাচিত হন তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাগুলোর একাধিকটিতে তিনি এখন অভিযুক্ত।