আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে। আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ আমলে নেয় এবং পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।
এই মামলায় প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রহমান ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে রয়েছেন—তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন আবু সাঈদ। তদন্ত প্রতিবেদনে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মোট ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়।