আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা ও আশপাশের অঞ্চল

বাংলাদেশ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে হালকা কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবিরও ভূমিকম্পের ঘটনা নিশ্চিত করে জানান, এটি ছিল স্বল্পমাত্রার ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়।

এর আগে গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার উৎস ছিল নরসিংদীর মাধবদী। পরের দিন সকালেও মৃদু ভূমিকম্প হয় এবং সন্ধ্যায় মাত্র এক মিনিটের ব্যবধানে রাজধানীতে আরও দুইটি ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, প্রথম ধাক্কা অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে (মাত্রা ৩.৭), আর দ্বিতীয়টি ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে (মাত্রা ৪.৩)। দুটি ভূমিকম্পেরই উৎস ছিল বাড্ডা ও নরসিংদী।