পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে আদালতের অনুমতি, কারামুক্তি আরও বিলম্বিত আইভীর
গণঅভ্যুত্থানের সময় চারজন নিহত হওয়ার ঘটনাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের দুটি পৃথক ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন ও মাইমানাহ আক্তার মনি এ আদেশ দেন। শুনানিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আইভী।
গত বৃহস্পতিবার শুনানির নির্ধারিত তারিখ পরিবর্তনের পর আজ এ সিদ্ধান্ত আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলায় গত ৯ মে গ্রেপ্তারের পর থেকে আইভী কারাবন্দি আছেন। পরবর্তী সময়ে আরও চার মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
গত ৯ নভেম্বর হাইকোর্ট তাঁকে পাঁচ মামলায় জামিন দেন। কিন্তু জামিন পাওয়ার পরদিনই সদর মডেল থানা পুলিশ সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। পরবর্তীতে ফতুল্লা মডেল থানা বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের চার মামলায় একই ধরনের আবেদন জমা দেয়। উল্লেখ্য, এসব পাঁচ মামলার কোনো ক্ষেত্রেই আইভীর নাম এজাহারে নেই।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন মঙ্গলবার আদালতে বলেন, মামলায় আইভীর সম্পৃক্ততার কোনো প্রমাণ বা গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের স্বীকারোক্তি নেই। শুধু তাঁর মুক্তি বিলম্বিত করতেই তড়িঘড়ি করে এসব আবেদনের পথ বেছে নেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার পাঁচ মামলায় পাওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।