আইএমএফের শর্ত মানার প্রশ্নে সতর্ক বাংলাদেশ, বললেন অর্থ উপদেষ্টা

বাংলাদেশ
ইতালির মিলানে চলমান এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক বৈঠকের প্রথম দিন (৪ মে) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ তাড়াহুড়া করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠিন শর্ত মেনে নেবে না।

তিনি বলেন, “চট করে আমরা আইএমএফের শর্ত মেনে নিয়ে কিছু করব না। কারণ, আইএমএফের অর্থ ছাড়াই আমরা ভালো করছি। এখন পর্যন্ত তাদের কাছ থেকে বাজেট সহায়তা নিইনি।”

মিলানে এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আইএমএফের ঋণের কিস্তি দেরি হওয়ায় এডিবির বাজেট সহায়তা প্রভাবিত হবে কিনা, এই প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “বাজেট সহায়তার বিষয়টি আইএমএফ দেখে। তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আইএমএফ বলেছে, অর্থনীতির উন্নতি সম্পর্কে একটি চিঠি পেলে তারা আশ্বস্ত হতো। আমরা জানিয়েছি, চিঠি দেওয়া হবে, তবে এখনই নয়।”

তিনি আরও বলেন, এডিবি ও আইএমএফের বাজেট সহায়তা না পেলেও সরকার একটি বাস্তবভিত্তিক বাজেট দিতে পারবে।

এডিবির সঙ্গে আলোচনার বিষয়ে অর্থ উপদেষ্টা জানান, “এডিবির ভাইস প্রেসিডেন্ট আমাদের অর্থনৈতিক অবস্থা জানতে চেয়েছেন। বলেছি, আগের তুলনায় অবস্থা ভালো। ব্যাংক খাতে বেশ কিছু সংস্কার হয়েছে। বাণিজ্য খাতেও একটি সম্মেলনের আয়োজন করা হবে।”

তিনি জানান, এডিবি বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঢাকায় একটি কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।

অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে এডিবির প্রতিক্রিয়া জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এডিবি জানিয়েছে, অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভালো করছে এবং তারা আমাদের অর্জনে সন্তুষ্ট। প্রকল্প সহায়তা, ব্যাংক খাত ও রাজস্ব ব্যবস্থার সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছে।”

তবে বর্তমান পরিস্থিতিতে প্রকল্প নয়, বাজেট সহায়তাই বেশি প্রয়োজন, এমন প্রশ্নে তিনি জানান, “আমরা এডিবিকে নমনীয় শর্তে বাজেট সহায়তার অনুরোধ জানিয়েছি। যদিও তারা বলেছে তাদের বাজেট সহায়তা তহবিল সীমিত, তবুও বিষয়টি বিবেচনা করবে।”