অর্থনৈতিক ধীরগতিতে নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে: বিশ্বব্যাংক

বাংলাদেশ
অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দেওয়ায় বাংলাদেশে চলতি বছর নতুন করে প্রায় ৩০ লাখ মানুষ দারিদ্র্যের চক্রে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

বুধবার প্রকাশিত 'বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট' শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, দেশের দারিদ্র্য পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। আন্তর্জাতিক দারিদ্র্য সীমা অনুযায়ী, যাদের দৈনিক আয় ২.১৫ মার্কিন ডলারের নিচে, তাদের ‘হতদরিদ্র’ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসাব অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে হতদরিদ্র মানুষের হার ছিল ৫ শতাংশ। তবে ২০২৫ সালের মধ্যে এই হার বেড়ে ৯.৩ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

জাতীয় দারিদ্র্যের হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ, যা ২০২৫ সালের মধ্যে বেড়ে ২২.৯ শতাংশে পৌঁছাতে পারে।

বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক গতি কমে যাওয়ায় সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি। এছাড়া শ্রম বাজারেও দুর্বলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও পূর্বের চেয়ে কম প্রত্যাশা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তাদের মতে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসতে পারে, যেখানে জানুয়ারির পূর্বাভাসে ছিল ৪.১ শতাংশ। তবে আগামী অর্থবছরে এই প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৪.৯ শতাংশ হতে পারে বলে আশা প্রকাশ করেছে তারা।