"কালশী ফ্লাইওভারের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিচয় প্রকাশ"

বাংলাদেশ
রাজধানীর কালশী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক মো. তোফাজ্জল (২০) রাজধানীর মানিকদি এলাকার ইএলএফ চাইল্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপর আরোহী রিয়াদ গাজী (১৮) চাঁদপুরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মরদেহ শনাক্ত করেন তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম ও রিয়াদের মামা আবুল খায়ের।

নাঈম জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার মাওড়া গ্রামে হলেও বর্তমানে তারা রাজধানীর মানিকদি বাজার এলাকায় ভাড়া থাকেন। তোফাজ্জল বন্ধু রিয়াদকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল। এরপর কালশী ফ্লাইওভারে দুর্ঘটনার খবরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিরপুর ডিওএইচএস থেকে ফ্লাইওভারে ওঠার পর একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ধাক্কায় তোফাজ্জল ফ্লাইওভারে পড়ে থাকলেও, রিয়াদ ছিটকে প্রায় ২৫ ফুট নিচে সড়কে পড়ে যায়।

পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি এবং এর চালককে জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু তোফাজ্জলের সঙ্গে বেড়াতে এসে প্রাণ হারালেন রিয়াদ—দুই বন্ধুর একসাথে পৃথিবী ছেড়ে চলে যাওয়া অনেককেই আবেগাপ্লুত করেছে।