রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যাতে মিছিল বা সভা-সমাবেশ করতে না পারে, সে বিষয়ে পুলিশের প্রতি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ওপর কড়া নজর রাখা হচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে আওয়ামী লীগের দুটি মিছিল ঠেকিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
থানা পরিদর্শনের উদ্দেশ্য হিসেবে তিনি জানান, পুলিশ সদস্যদের থাকার ও খাওয়ার পরিবেশ কেমন, সেটি সরেজমিনে দেখতেই নিয়মিত পরিদর্শন চালানো হচ্ছে।
সরকার মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। একই বিভাগে পুলিশ কর্মকর্তাদের পদায়ন নিয়ে চিন্তা-ভাবনা চলছে, যাতে তারা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে পারেন এবং ছুটির দিনগুলো উপভোগ করতে পারেন।
বদলির পরও অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও যোগ করেন, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।