বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হিন্দুদের নিয়ে আর রাজনীতি করার সুযোগ নেই। ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ হিন্দুরাও এখন দাড়িপাল্লার পক্ষে এক হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে আয়োজিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক পরওয়ার বলেন, “স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছেন, তারা হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছেন কেবল নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য। এখন সময় এসেছে হিন্দুদের প্রকৃত উন্নয়ন ও অবকাঠামো গড়ে তোলার, যা সম্ভব হবে কেবল একটি ইসলামী সরকারের মাধ্যমে।”
তিনি আরও বলেন, “আমরা লাঙল, ধানের শীষ ও নৌকার শাসন দেখেছি। এখন সময় দাড়িপাল্লার। দেড় হাজার শহীদের ত্যাগ ও ৪০ হাজার আহতের আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনেও সেই পরিবর্তনের প্রতিফলন ঘটবে।”
জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, “এভাবেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।”
ডুমুরিয়া সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “একসময় এই এলাকা ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। সংসদ সদস্য থাকার সময় আমি এটি সন্ত্রাসমুক্ত করেছি। ভবিষ্যতে সুযোগ পেলে ডুমুরিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে আয়োজিত এই হিন্দু সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল।