বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার বিচারিক রায় থাকা সত্ত্বেও জোরপূর্বক ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নিতে দিচ্ছে না। মঙ্গলবার দুপুরে ঢাকার খিলক্ষেত এলাকায় আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, “আদালতের রায়ে চট্টগ্রামে শাহাদাত হোসেন মেয়র হতে পারলে ইশরাক হোসেন কী অপরাধ করেছেন? আদালতের রায় মানছে না সরকার। গায়ের জোরে তাঁকে শপথ নিতে বাধা দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যাঁরা প্রকৃত অপরাধী, তাঁদের বিচার হচ্ছে না। অথচ অন্তর্বর্তী সরকার কাজের চেয়ে কথায় বেশি সক্রিয়। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক প্রতিহিংসা প্রকাশ পাচ্ছে।”
স্থানীয় সরকারবিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “এই উপদেষ্টার বয়স খুবই কম। হঠাৎ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে ভারসাম্যহীন আচরণ করছেন।”
পুলিশের সাম্প্রতিক ভূমিকার কড়া সমালোচনা করে রিজভী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনা ফিউচার পার্কের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন, তখন তাঁদের অসম্মান করা হয়, পুলিশ লেলিয়ে দেওয়া হয়। শেখ হাসিনার আমলেও এমনই নির্যাতনের চিত্র দেখা গেছে।”
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আহত রাকিবুল হাসানকে দেখতে আসে। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সহমর্মিতা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক আতিকুর রহমান, উপদেষ্টা আশরাফ উদ্দিন, মো. আবুল কাশেম, মোস্তফা-ই-জামান এবং সদস্যসচিব মোকছেদুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।