বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড পেজে এই স্ট্যাটাসটি পোস্ট করেন তিনি। বর্তমানে স্ত্রীসহ সিঙ্গাপুরে অবস্থান করছেন মির্জা ফখরুল, যেখানে তারা দুজনেই স্বাস্থ্য পরীক্ষার জন্য গেছেন।
স্ট্যাটাসে ফিরে দেখা যায় ২০২২ সালের ডিসেম্বরের একটি কঠিন সময়। সে সময় তার স্ত্রীর একটি গুরুতর রোগ ধরা পড়ে। অস্ত্রোপচারের দিন নির্ধারিত ছিল ১০ ডিসেম্বর। কিন্তু তার দুদিন আগে, রাত তিনটার দিকে তাকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
ফেসবুকে তিনি লেখেন, "২০২২ সালের ডিসেম্বর মাসে যখন আমার স্ত্রীর অসুখ ধরা পড়ে, তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল। তিনি আমাদের পরিবারের মূল স্তম্ভ। আমি দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই, কিন্তু অস্ত্রোপচারের আগের রাতে আমাকে গ্রেফতার করা হয়।"
মির্জা ফখরুল জানান, অস্ত্রোপচারের সময় তিনি ছিলেন কারাগারে। তার মেয়ে ঢাকায় ছুটে আসেন এবং পরিবারের পক্ষ থেকে শুধু তার কন্যারা ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালেই উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা ফোনে খোঁজখবর রাখছিলেন।
তিনি আরও বলেন, “আমার স্ত্রী সবকিছু অসীম ধৈর্য ও হাসিমুখে মোকাবিলা করেছেন। শুধু চিকিৎসার জটিল ধাপই নয়, বিগত প্রায় ৫০ বছর ধরে আমাদের পারিবারিক নানা চ্যালেঞ্জেও তিনি ছিলেন অবিচল।”
সবশেষে তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসকরা আশার কথা জানিয়েছেন যে বর্তমানে সবকিছু ভালো দেখাচ্ছে। তবে ছয় মাস পর আবারও ফলোআপের প্রয়োজন হবে। সবাইকে দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।
উল্লেখ্য, ৩২ দিন কারাভোগের পর ২০২৩ সালের ৯ জানুয়ারি মির্জা ফখরুল মুক্তি পান। ২০২৫ সালের ৬ এপ্রিল স্ত্রীকে নিয়ে আবার সিঙ্গাপুরে যান তিনি স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে।