জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্মোহভাবে কাজ করে যাচ্ছেন এবং একের পর এক “ম্যাজিক” দেখাচ্ছেন।
মঙ্গলবার গণশক্তি সভার আয়োজনে ‘রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না বলেন, “ড. ইউনূসের মধ্যে ক্ষমতার লোভ নেই। তিনি দেশের জন্য কাজ করতে এসেছেন এবং তাঁর প্রতিটি পদক্ষেপেই জনগণ ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া পাচ্ছে। রোজার মধ্যে দ্রব্যমূল্য হ্রাস, সুন্দর ঈদযাত্রা এবং বিদ্যুৎ খাতে শৃঙ্খলা—সবই যেন একেকটা ম্যাজিক।”
তিনি আরও বলেন, “মানুষ ইতোমধ্যে বুঝে গেছে যে ড. ইউনূস কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, দেশের কল্যাণে কাজ করতে চান। আমি মনে করি, তিনি ভোট দিয়ে যত দ্রুত সম্ভব বিদায় নিতে চান। কিন্তু কেউ কেউ তাকে জোর করে পাঁচ বছর রাখার কথা বলছেন। এটা করলে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।”
ড. ইউনূসকে সহযোগিতার আহ্বান জানিয়ে মান্না বলেন, “তিনি ভালো কাজ করছেন, সেটা স্বীকার করতেই হবে। তবে ভালো কাজ মানেই দীর্ঘকাল ক্ষমতায় থাকা নয়। বরং তার কাজের ধারাবাহিকতা রাখতে হলে বিকল্প ভাবনার প্রয়োজন আছে।”
রাষ্ট্রীয় মূলনীতি বিষয়েও তিনি মত প্রকাশ করে বলেন, “এ নিয়ে বিতর্ক থাকা স্বাভাবিক। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তবে সংস্কার কমিশনের যেসব প্রস্তাব এসেছে, নাগরিক ঐক্য তার অধিকাংশের সঙ্গেই একমত নয়।”