“আজ রাতেই গণভোটের তারিখ ঘোষণা করুন” — সরকারের প্রতি জামায়াত নেতা তাহেরের আহ্বান

রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি বলছে, কোনো অবস্থাতেই গণভোট মানবে না। তাই আর দেরি না করে অন্তর্বর্তী সরকারকে আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। রাতের বেলায়ও বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জারি হয়—এখনই সময় পদক্ষেপ নেওয়ার।”
তিনি সতর্ক করে বলেন, “যদি সরকার এখনই সিদ্ধান্ত না নেয়, তাহলে মানুষের আস্থা হারাবে। আস্থা হারালে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”
তাহের আরও জানান, জুলাই মাসে ‘জাতীয় সনদ ও গণভোট’ বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী আদেশ জারির সুপারিশ করা হয়েছে, যা আজ রাত বা আগামীকাল সকাল নাগাদ বাস্তবায়ন করতে হবে।
গণভোট না হলে জামায়াতের পরবর্তী কর্মসূচি কী হবে—এমন প্রশ্নে তাহের বলেন, “আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। আজ রাতেই দেখি সরকার কী করে, কালও সময় আছে—তারপর বাকিটা দেখা যাবে।”
জামায়াতের এই নায়েবে আমির অভিযোগ করেন, “বিএনপি গণভোটকে হত্যা করার চেষ্টা করছে। তারা শুধুমাত্র যেখানে নিজেরা সুবিধা পাবে, সেখানেই সংস্কারের পক্ষে কথা বলে।”
তিনি আরও বলেন, “সময়ক্ষেপণ করতে করতে যদি বলা হয় গণভোটের আর সময় নেই, সেটা হবে জাতির সঙ্গে প্রতারণা। এখন প্রতিটি দিন ও ঘণ্টা গুরুত্বপূর্ণ।”
জাতীয় নির্বাচন ও গণভোট একইসঙ্গে করা সম্ভব নয় উল্লেখ করে তাহের বলেন, “ঐকমত্য কমিশন বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তুলেছে। প্রায় ৬০ শতাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে। আমরা চাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক, তবে তার আগে গণভোট সম্পন্ন করতে হবে। গণভোটের ফলাফলের ভিত্তিতেই নির্বাচন হওয়া উচিত।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুম এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।