নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে আজ শুক্রবার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা সোয়া ১১টার দিকে এক আয়োজনে দলের যাত্রার ঘোষণা দেওয়া হয়। জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন এই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলের স্লোগান, ‘গড়বো মোরা ইনসাফের দেশ’।
দলের মহাসচিব হিসেবে রয়েছেন সাংবাদিক ও সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ। তিনি অনুষ্ঠানে দলের নাম ও ঘোষণাপত্র পাঠ করেন। তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে গণআন্দোলনের ফলেই নতুন রাজনৈতিক ধারার জন্ম হয়েছে। এবারও সময় এসেছে একটি নতুন ধারার। জাতির প্রত্যাশা পূরণ, বৈষম্য রোধ, গণতন্ত্র রক্ষা এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এই দল আত্মপ্রকাশ করছে।”
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ সময় ২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন। কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন:
নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র: গোলাম সারোয়ার মিলন
ভাইস চেয়ারম্যান: রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী
সিনিয়র যুগ্ম মহাসচিব: এম আসাদুজ্জামান
যুগ্ম মহাসচিব: এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, নাজমুল আহসান
সমন্বয়কারী: নুরুল কাদের সোহেল
সাংগঠনিক সম্পাদক: মুরাদ আহমেদ
প্রযুক্তি সম্পাদক: গুলজার হোসেন
প্রচার সম্পাদক: হাসিবুর রেজা কল্লোল
দলের সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মেজর (অব.) ইমরান ও কর্নেল (অব.) সাব্বির। উপদেষ্টা প্যানেলে আছেন শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী ও মামুনুর রশীদ।
দলের নেতারা আশা করছেন, তারা ইনসাফ, জনকল্যাণ ও জাতীয়তাবাদকে সামনে রেখে দেশের রাজনীতিতে একটি নতুন ও ইতিবাচক ধারা তৈরি করতে সক্ষম হবেন।