আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হয়েছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গভীর সঙ্কট ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বিএনপির বিজয় ঠেকাতে এখনই নানামুখী অপপ্রচার ও কৌশলগত ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে। তবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না।”
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় বিএনপির প্রবাসী নেতাকর্মীদের জন্য অনলাইন সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের পেমেন্ট গেটওয়ে উদ্বোধন উপলক্ষে। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তারেক রহমান এই অনলাইন পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত স্বাগত বক্তব্য রাখেন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩০০ আসনের প্রার্থী তালিকা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি জনসমর্থিত ও জনপ্রিয় দল। তাই প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন, এটি স্বাভাবিক ও গৌরবের বিষয়। কিন্তু সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়, এটা বাস্তবতা। তাই নিজেরা বিভেদে না জড়িয়ে ঐক্য বজায় রাখাই হবে সাফল্যের মূল চাবিকাঠি।”
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “মনে রাখবেন—গুপ্ত স্বৈরাচার ওৎ পেতে আছে। নিজেদের মধ্যে রেষারেষি বা বিভেদ এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যাতে প্রতিপক্ষ সেই সুযোগ নিতে পারে। কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে, অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিতে পারে।”
অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান যুগ হলো প্রযুক্তির যুগ—চতুর্থ শিল্পবিপ্লবের পর এখন আমাদের সামনে আর কোনও বিকল্প নেই। আমাদের রাজনীতিক ও সাংগঠনিক কার্যক্রমেও ডিজিটাল ব্যবস্থাপনা রপ্ত করতে হবে। আমরা কিছুটা পিছিয়ে আছি, কিন্তু দ্রুত এগিয়ে যাওয়ার সময় এসেছে।”
তিনি আরও বলেন, “দলের প্রতিটি স্তরের নেতা-কর্মীদের ডিজিটাল দক্ষতা অর্জনের উদ্যোগ নিতে হবে। এই অনলাইন পেমেন্ট গেটওয়ে সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা অনলাইন সদস্যপদ কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বিএনপি কাঠামোকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।