১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে : গোলাম পরওয়ার

রাজনীতি
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি সতর্ক করে বলেন, এসব দাবি মানা না হলে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মৎস্য ভবনের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমাদের পাঁচ দফা দাবি মেনে জুলাই সনদে প্রকাশিত গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ নভেম্বরের ঢাকা হবে অন্যরকম, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, আশা করা হচ্ছে খুব দ্রুতই উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সমাবেশে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও পাঁচ দফা বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় সনদের দ্রুত কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।