রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, সেসবের জবাব দিতে এবার আনুষ্ঠানিকভাবে দলীয় অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ উদ্দেশ্যে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির অবস্থান জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানা গেছে।
সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়াল মাধ্যমে লন্ডন থেকে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সাম্প্রতিক সংলাপের বিষয়টিও উপস্থাপন করা হয়। এরপর সংস্কার ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি নেতারা জানান, তারা সব সময়ই রাষ্ট্র সংস্কারের পক্ষে জোরালো অবস্থানে থেকেছে এবং এই বিষয়ে দলীয় পরিকল্পনাও অনেক আগেই ঘোষণা করা হয়েছে।
দলটির মতে, ২০২২ সালে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবই তাদের অবস্থানের প্রমাণ। বিএনপির অভিযোগ, বর্তমানে কিছু রাজনৈতিক দল তাদের এই দীর্ঘদিনের সংস্কার উদ্যোগকে ভিন্নভাবে উপস্থাপন করছে এবং বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে বিএনপি।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।