দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা মোকাবিলায় সংস্কার ও বিচার বাস্তবায়নের শর্তে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করতে এনসিপি প্রস্তুত— এমন মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশ এখন এক সংকটময় সময় পার করছে। যদি বিএনপি ও জামায়াত বাস্তবিক অর্থে সংস্কার প্রক্রিয়ায় অংশ নেয় এবং ভবিষ্যতে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে এনসিপি তাদের সঙ্গে জোটে যেতে পারে।”
তবে তিনি স্পষ্ট করে জানান, এনসিপির মূল লক্ষ্য এককভাবে নির্বাচন করা এবং সব ৩০০ আসনে প্রার্থী দেওয়া। নাসীরুদ্দীন বলেন, “আমরা এককভাবে নির্বাচনে অংশ নিতে চাই। কিন্তু যদি বিচার ও সংস্কারের শর্ত পূরণ না হয়, তাহলে কারো সঙ্গে জোটে যাব না।”
তিনি আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি ইতিমধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই চলবে এবং ১৫ নভেম্বর ঘোষণা করা হবে এনসিপির প্রাথমিক মনোনয়ন তালিকা।